জয়পুরহাট প্রতিনিধি
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীগোষ্ঠীর বর্বর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন বীর শান্তিরক্ষী শাহাদাতবরণ এবং ৩ জন নারী সেনাসদস্যসহ আরও ৮ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগ।
এক শোকবার্তায় সংগঠনটি জানায়, জাতিসংঘের পতাকা তলে বিশ্বশান্তি রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতির গর্ব। তাঁদের এই আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে নিহত শান্তিরক্ষীদের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
এ বিষয়ে সংগঠনের এক বিবৃতিতে মোঃ নূর ই আলম হোসেন, সভাপতি, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, জয়পুরহাট জেলা শাখা বলেন, “বাংলাদেশি শান্তিরক্ষীরা মানবতার সেবায় নিজেদের জীবন উৎসর্গ করে বিশ্বে দেশের মর্যাদা সমুন্নত রেখেছেন। তাঁদের এই ত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানানো হয়।