নিজস্ব প্রতিবেদক।
আজ ১৬ ডিসেম্বর—মহান বিজয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ।
মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“একাত্তরের বিজয়কে অর্থবহ করার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয়ই হোক এবারের বিজয় দিবসের প্রতিজ্ঞা।” তনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা কেবল একটি ভৌগোলিক সীমানার নাম নয়; এটি ন্যায়বিচার, মানবিক মর্যাদা, সাম্য ও স্বাধীন মত প্রকাশের প্রতীক। কিন্তু স্বাধীনতার ৫৩ বছর পরও জাতি আজ নানাবিধ রাজনৈতিক, সামাজিক ও নৈতিক সংকটে জর্জরিত—যা বিজয়ের চেতনাকে প্রশ্নবিদ্ধ করছে।
মুফতী রেজাউল করীম বলেন,
মুক্তিযুদ্ধের মূল চেতনা বাস্তবায়নের জন্য প্রয়োজন সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা, ইনসাফ ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করাই হওয়া উচিত বিজয় দিবসের অঙ্গীকার।
তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। পাশাপাশি তিনি দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরিশেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, বিজয়ের চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়াই হোক আজকের দিনের অঙ্গীকার