ডেক্স রিপোর্ট।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে একটি মহল পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটছে, সেগুলো বিচ্ছিন্ন নয়; বরং এর পেছনে গভীর ষড়যন্ত্র কাজ করছে।
তিনি শহীদ ওসমান হাদীর প্রসঙ্গ উল্লেখ করে বলেন, দেশপ্রেমিক ও প্রতিবাদী কণ্ঠগুলোকে দমন করতেই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে।
লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন,
“সামনের দিনগুলো খুব ভালো দিন নয়। দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা শুরু হয়েছে। কেউ কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। সবাইকে সজাগ থাকতে হবে।”
বক্তব্যে তিনি শহীদ হাদীর আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন- শহীদ হাদীর মতো সাহসী তরুণদের আত্মত্যাগ প্রমাণ করে—এই দেশে অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে কথা বললেই দমন-পীড়নের শিকার হতে হয়। কিন্তু এই আত্মত্যাগ বৃথা যাবে না।”
তারেক রহমান বলেন, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই অনেক দেশপ্রেমিক মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। শহীদ হাদীর মৃত্যু সেই ধারাবাহিকতারই একটি নির্মম উদাহরণ। তিনি আরও বলেন- দেশকে ধ্বংসের কিনারা থেকে বের করে আনতে কঠোর পরিশ্রম করতে হবে। ভয় পেলে চলবে না, আতঙ্কগ্রস্ত হলে চলবে না। গণতন্ত্রে বিশ্বাসী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থানসহ রাষ্ট্রের প্রতিটি খাত পুনর্গঠনে একটি দায়িত্বশীল ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রয়োজন। আর সেই পথেই শহীদ হাদীর মতো তরুণরা জীবন দিয়ে প্রমাণ রেখে গেছেন। বক্তব্যের শেষাংশে তিনি বলেন- শহীদদের রক্ত আমাদের পথ দেখায়। শহীদ হাদীর আত্মত্যাগ আমাদের আরও সাহসী করে তুলবে।