বিশেষ প্রতিনিধি
করিমগঞ্জ পৌরসভার মোদকপাড়া এলাকার চার বছর বয়সী শিশু শ্রী সৃষ্টি মধু অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় পরিবারসহ এলাকাজুড়ে নেমে এসেছে শোক ও উদ্বেগের ছায়া।
শিশুটির চিকিৎসার সার্বিক খোঁজখবর নিতে এবং পরিবারের পাশে দাঁড়াতে সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কিশোরগঞ্জ-৩ (তাড়াইল–করিমগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, জননেতা হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার।
সাক্ষাৎকালে তিনি শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেন, চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখার আশ্বাস দেন এবং পরিবারকে সর্বাত্মক সহযোগিতার কথা জানান। পাশাপাশি তিনি এই দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে শিশুটির দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার বলেন, “একটি নিষ্পাপ শিশুর এমন দুর্ঘটনা আমাদের সবাইকে নাড়া দিয়েছে। সমাজের সর্বস্তরের মানুষের উচিত এই পরিবারটির পাশে দাঁড়ানো এবং ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে সচেতন হওয়া।”
স্থানীয়রা তার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্বের পরিচয়।
উল্লেখ্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানবিক রাজনীতি ও সমাজসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।