নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে হঠাৎ পরিদর্শনে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুপস্থিত দেখতে পান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি অফিসে পৌঁছালে সেখানে নির্ধারিত সময়েও কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না।
সূত্র জানায়, প্রতিমন্ত্রী প্রায় আধাঘণ্টা অফিসের বারান্দায় অপেক্ষা করেন। এরপরও সংশ্লিষ্ট কাউকে না পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
এ সময় তিনি বলেন, দায়িত্বে অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের সেবায় নিয়োজিত সরকারি কর্মকর্তাদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে হবে। অবহেলার প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের কল্যাণেই কাজ করবে। সেবাদানে অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না।
স্থানীয়দের মতে, এ ধরনের আকস্মিক পরিদর্শন সরকারি দপ্তরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখতে পারে।