নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ আসনে নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। এর অংশ হিসেবে নির্বাচনি এলাকায় স্থাপন করা সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ, ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা আগামী ৪৮ ঘন্টার মধ্যে অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রচারণামূলক সব ধরনের স্থায়ী ও অস্থায়ী প্রচার সামগ্রী অপসারণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এগুলো না সরালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

কিশোরগঞ্জ-১ নির্বাচন এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, নির্বাচনি পরিবেশ স্বচ্ছ রাখা ও সমান প্রতিযোগিতার সুযোগ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রত্যেক সম্ভাব্য প্রার্থীকে আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তারা।

এ ছাড়াও স্থানীয় প্রশাসন ইতোমধ্যে এলাকার বিভিন্ন স্থানে মনিটরিং টিম গঠন করেছে, যাতে নির্দেশনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করা যায়।

প্রশাসনের এক কর্মকর্তা বলেন,
“নির্বাচনি মাঠ সবার জন্য সমান রাখতে প্রচার সামগ্রী অপসারণ অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময়সীমার মধ্যে এগুলো সরাতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আগামী দিনগুলোতে আচরণবিধি আরও কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানা গেছে।